মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ - ১২:০০
বকচরা বারগায়ে সকিনা ইমামবাড়িতে ঈমাম হোসাইন (আ.)-এর চল্লিশা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

ঈমাম হোসাইন (আ.)-এর পবিত্র চল্লিশা (আরবাইন) উপলক্ষে বকচরা বারগায়ে সকিনা ইমামবাড়িতে এক আলোচনা সভায় সুরা নিসার ৫৯ নং আয়াতের ভিত্তিতে ইসলামে নেতৃত্ব ও আনুগত্যের সীমারেখা তুলে ধরেছেন বিশিষ্ট আলেম মাওলানা আসগর আলী গাইন। তিনি বলেন, আল্লাহ ও রাসূলের আনুগত্যের পরই উলিল আমরের আনুগত্য, তবে তা কখনো সৃষ্টিকর্তার নাফরমানির পথে হতে পারে না-যার জ্বলন্ত উদাহরণ কারবালার ইমাম হোসাইন (আ.)।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পশ্চিম বঙ্গের বকচরা গ্রামে পবিত্র আরবাইন (চল্লিশা) উপলক্ষে বকচরা বারগায়ে সকিনা ইমামবাড়িতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে পবিত্র সুরা নিসার ৫৯ নং আয়াতের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন বিশিষ্ট আলেম মাওলানা আসগর আলী গাইন।

আলোচনার শুরুতে মাওলানা আসগর আলী গাইন পবিত্র কুরআনের আয়াতটি পাঠ করে শোনান। আয়াতটির অর্থ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মহান আল্লাহ মুমিনদের তিনটি স্তরের আনুগত্যের নির্দেশ দিয়েছেন। প্রথমত, আল্লাহর আনুগত্য এবং দ্বিতীয়ত, রাসূলের (সা.) আনুগত্য। তৃতীয়ত, তিনি নির্দেশ দিয়েছেন ‘উলিল আমর’ এর আনুগত্য।

বক্তা বিশেষভাবে তুলে ধরেন যে, এই আনুগত্য শর্তসাপেক্ষ। কোনো অবস্থাতেই সৃষ্টির আনুগত্য স্রষ্টার অবাধ্যতার পথে হতে পারে না। তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “স্রষ্টার নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না” । ইমাম হোসাইন (আ.)-এর জীবনী ও ত্যাগের ঘটনা এই আয়াতের সর্বোত্তম বাস্তব উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।

ঈমাম হোসাইন (আ.)-এর চল্লিশার গুরুত্ব প্রসঙ্গে মাওলানা আসগর আলী গাইন বলেন, আরবাইন বা চল্লিশা শুধু একটি শোকানুষ্ঠান নয়, বরং এটি ইসলামের মৌলিক নীতির প্রতি পুনরায় অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন। 

তিনি উল্লেখ করেন যে, ইমাম হোসাইন (আ.) কারবালার ময়দানে উলিল আমরের আনুগত্যের সেই সীমারেখা টেনে দিয়েছেন-যখন কোনো শাসক বা নেতা আল্লাহ ও রাসূলের নির্দেশের পরিপন্থী কাজ করে, তখন তার আনুগত্য করা যায় না, বরং সত্যের পক্ষে দাঁড়াতে হবে ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সুরা নিসার এই আয়াত ও কারবালার ঘটনার সুস্পষ্ট সম্পর্ক তুলে ধরা। 

তিনি বলেন, ইমাম হোসাইন (আ.) তাঁর আন্দোলনের মাধ্যমে দেখিয়েছেন যে প্রকৃত আনুগত্য হলো আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য, আর তাঁরাই প্রকৃত ‘উলিল আমর’ যারা এই আনুগত্যের পথে প্রতিষ্ঠিত ।

উল্লেখ্য, বকচরা বারগায়ে সকিনা ইমামবাড়ি এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র । মাওলানা আসগর আলী গাইনের এই বিশদ আলোচনা উপস্থিত শ্রোতাদের মাঝে ইসলামের নেতৃত্ব ও আনুগত্যের দর্শন সম্পর্কে গভীর ধারণা প্রদান করে এবং ঈমাম হোসাইন (আ.)-এর আদর্শ অনুসরণের প্রেরণা জোগায়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha